নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বান্দেরহাট বাজারের পূর্ব পাশে চর পোড়াগাছা ইউনিয়নে পাউবোর জায়গা ঘিরে দোকান নির্মাণের চেষ্টা চলছিল, পরে উপজেলা প্রশাসনের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, বাজারের পূর্ব পাশে বেরিবাঁধ সংলগ্ন পাউবোর জায়গার কিছু অংশে আগেই কয়েকটি দোকানপাট আছে। নতুন করে কিছু ব্যক্তি জমি ভরাট করে দোকান তোলার প্রস্তুতি নেন বলে অভিযোগ।
রামগতি পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে, ইউএনওর সঙ্গেও কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা যেন কেউ দখল করতে না পারে, সে বিষয়টি দেখা হচ্ছে।
রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, ইউএনওর নির্দেশে তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করিয়ে দিয়েছেন।
স্থানীয়দের মতে, শুধু নতুন নির্মাণ বন্ধ নয়, আগে থেকে থাকা স্থাপনাগুলোর বৈধতাও খতিয়ে দেখা উচিত। অভিযোগ আছে অবৈধভাবে সরকারি জায়গা দখলের সুযোগ তৈরি হলে আরও বিভিন্ন জায়গা ঝুঁকিতে পড়তে পারে। তাই নিয়মিত নজরদারি ও স্পষ্ট নীতিমালার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।



