ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম আদালত। জমিজমা নিয়ে বিরোধ, পাওনা টাকা আদায়, পারিবারিক বিরোধসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে ইউনিয়ন পরিষদে এসে সমাধান পাচ্ছেন বাসিন্দারা।
সোমবার দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষেদে গেলে এমন দৃশ্য দেখা যায়।
এতে মামলা-মোকদ্দমার খরচ ও ভোগান্তি কমার পাশাপাশি গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থাও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, কোনো বিরোধ নিয়ে জেলা বা উপজেলা পর্যায়ের আদালতে যেতে হলে সময় ও অর্থ দুটোই বেশি লাগে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য আদালতে মামলা পরিচালনা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকায় তাঁরা গ্রাম আদালতের সেবা নিতে আগ্রহী হচ্ছেন।
চররমনী মোহন ইউনিয়ন পরিষদে চালু থাকা গ্রাম আদালতে বিরোধের দুই পক্ষের বক্তব্য শোনা হয়। এরপর সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এতে স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদেই তাঁদের সমস্যার সমাধান পাওয়ার সুযোগ পাচ্ছেন।
বাসিন্দাদের ভাষ্য, ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে তা বড় ধরনের বিরোধে রূপ নেওয়ার আশঙ্কা কমে। একই সঙ্গে আদালতে মামলা করার প্রয়োজন না থাকায় সময় ও অর্থ সাশ্রয় হয়।
স্থানীয়দের প্রত্যাশা, গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও সহজলভ্য করা হলে ইউনিয়নের আরও বেশি মানুষ এর সুফল পাবেন। এতে স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসার পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেও গ্রাম আদালত ভূমিকা রাখবে।




