নিউজ ডেস্ক: ঢাকার আগারগাঁওয়ে ডিপি ওয়ার্ল্ড ও এনসিটি চুক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশি লাঠিচার্জ করে।
সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে সিপিবি, বাসদ, গণতান্ত্রিক অধিকার কমিটি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিলে এই লাঠিচার্জের ঘটনা ঘটে।
এতে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন বলে জানা গেছে।
এর আগে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।
বিক্ষোভে উপস্থিত সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন গণমাধ্যমকে বলেন, ‘এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে। তাদের ওয়েবসাইটে গেলে বিষয়টি বোঝা যাবে।’ জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে এ ধরনের চুক্তি করা উচিত বলে জানান তিনি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মারজিয়া প্রভা বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সবচয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল দেশি অপারেটরদের পরিচালনায় লাভজনক অবস্থায় থাকার পরও বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়। শেখ হাসিনার পতনের পর
গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আরো দ্রুতগতিতে এই চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়। গণতান্ত্রিক অধিকার কমিটিসহ দেশের বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিসমূহ তখন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলনের চাপে সরকার পিছিয়ে আসে। পরবর্তীতে নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপি সরকার সমস্ত বাঁধা-বিরোধ উপেক্ষা করে আজ এই চুক্তি স্বাক্ষর করেছে।’
তিনি আরও বলেন, ‘আজ ঢাকার আগারগাঁয়ে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরের সময় মিলনায়তনের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে পুলিশের হামলায় গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন।’
তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদী দেশগুলোর চাপের কাছে ইতোমধ্যেই সরকার নতি স্বীকার করেছে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা না করা, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা, ফ্রান্স থেকে এয়ারবাস কেনা, বন্দরের শ্রমিকদের দাবি ও দেশের সার্বভৌমত্ব হুমকির প্রশ্নকে অগ্রাহ্য করে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি স্বাক্ষর—মানুষের মনে এই প্রশ্নের উদ্রেক করেছে যে, সাম্রাজ্যবাদী এসকল দেশের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে কিনা। ক্ষমতায় যাওয়ার ছয় মাসের মধ্যে দেশের স্বার্থ অগ্রাহ্য করে সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ নগ্নভাবে রক্ষা করার এমন নজির আমরা ইতিপূর্বে দেখিনি।’
এদিকে এই হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তি ভবনের সামন থেকে মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে বাম সংগঠনগুলো।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম টিবিএসকে বলেন, ‘একটি চুক্তিকে কেন্দ্র করে বামপন্থী বিভিন্ন দলের নেতাকর্মীরা আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। কোনো লাঠিচার্জ করা হয়নি।’




