দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী; নতুন মজুরি নির্ধারণে আলোচনা করবে বোর্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : গার্মেন্টস শ্রমিকদের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান এ বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের একটি প্রধান দাবি পূরণ হয়েছে। তিনি শ্রমিকদের রাজপথের আন্দোলন ছেড়ে দ্রুত নিজ নিজ কারখানায় কাজে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখতে তাঁদের সহযোগিতা কামনা করেন।
নতুন নিম্নতম মজুরি কত হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা স্বাধীনভাবে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।
সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।



