আলিম পাসের পরদিনই প্রাণ গেল সাকিবের, চালকের শাস্তির দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে বিআরটিসির বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাকিব ব্যাপারী (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
নিহত সাকিব রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর এলাকার আনিছুর রহমানের ছেলে। তিনি রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে শনিবার আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশাপাশি রামগঞ্জের সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাকিব। পথে পদ্মা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বিআরটিসির বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
সড়ক অবরোধ করে বিক্ষোভ
সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বিচারের আশ্বাস পেয়ে তাঁরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন সাকিবের স্বজনেরা। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তাঁরা দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।



