নিউজ ডেস্ক: ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনও বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি হতে না পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, আগুনসন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও মানবাধিকার লঙ্ঘিত হয়, এমন কোনো কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেনি। সরকারের এই উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি। তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম, ক্রসফায়ার কিংবা আয়নাঘরের শিকার হতে হবে না।
এদিকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন। তাদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
সংসদে দেওয়া তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।
পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংসে অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে বিমানবাহিনীর হেলিকপ্টারের সহায়তাও নেওয়া হচ্ছে। চাঁদাবাজির অর্থের উৎস শনাক্ত, মোবাইল ব্যাংকিংসহ আর্থিক লেনদেনে নজরদারি এবং সীমান্তে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।



