ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকচিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল বিশ্ব স্বীকৃতি

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল বিশ্ব স্বীকৃতি

নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে চীনের ‘চীনামাটির রাজধানী’ চিংতেচেন পেল আন্তর্জাতিক স্বীকৃতি।

আগুনের তাপে পোড়া মাটি, নিখুঁত কারুকাজ আর হাজার বছরের সৃজনশীলতার গল্প বহন করে চলেছে এই চিংতেচেন।

শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলতে থাকা ভাটার আগুনে তৈরি এই শহরের ঐতিহ্য এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কো চিংতেচেনের হস্তশিল্প চীনামাটির শিল্প ঐতিহ্যবাহী স্থানসমূহকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে চীনের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১টিতে।

একই সঙ্গে এটি চীনের প্রথম কোনো শিল্প ঐতিহ্যবাহী স্থান, যা বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেল এবং চীনামাটি বিষয়ক প্রথম বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি অর্জন করল।

চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসি প্রদেশে অবস্থিত চিংতেচেন ১০ম থেকে ১৯শ শতাব্দীর মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চীনামাটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এখানকার তৈরি উন্নতমানের চীনামাটির পাত্র, বিশেষ করে নীল-সাদা নকশার পোর্সেলিন, একসময় বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় ছিল।

বিশ্ব ঐতিহ্য কমিটির মতে, চিংতেচেনের ঐতিহ্যবাহী স্থানগুলো চীনের চীনামাটি তৈরির প্রযুক্তি, শিল্পকলা এবং শিল্প ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নের প্রমাণ বহন করে। একই সঙ্গে এসব নিদর্শন বিশ্বের সিরামিক শিল্পের বিকাশে চীনা চীনামাটির গভীর প্রভাব এবং বিভিন্ন সভ্যতার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সাক্ষ্য দেয়।

চিংতেচেনের উন্নতির পেছনে ছিল ভৌগোলিক সুবিধা। শহরটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এখানে প্রচুর পরিমাণে কাওলিন বা বিশেষ ধরনের চীনামাটির মাটি পাওয়া যায়। এছাড়া ছাং নদী শহরটির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় জলপথে কাঁচামাল পরিবহন ও তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঠানো সহজ ছিল।

প্রায় ৭০০ বছরেরও বেশি আগে চিংতেচেনের কারিগরেরা কাওলিনের সঙ্গে অন্যান্য উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এমন এক ধরনের মাটি তৈরি করেন, যা ১ হাজার ৩০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাতেও আকৃতি ধরে রাখতে পারত।

তারা শুধু প্রযুক্তি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং চীনামাটি তৈরির দক্ষতা ছড়িয়ে দিয়েছিলেন। ফলে চিংতেচেনের পণ্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়।

চিংতেচেনের চীনামাটি শুধু ব্যবহার্য পণ্য ছিল না, এটি হয়ে উঠেছিল সংস্কৃতি বিনিময়ের মাধ্যম। থাং রাজবংশের সময়কার জাহাজ ধ্বংসাবশেষে পাওয়া চীনামাটি থেকে শুরু করে মিং ও ছিং রাজবংশের ইউরোপীয় বাজারের জন্য তৈরি বিশেষ নকশার পণ্য—সবকিছুই প্রমাণ করে যে চিংতেচেনের শিল্প হাজার বছরের আন্তর্জাতিক যোগাযোগের অংশ ছিল।

ইতিহাসবিদদের মতে, ১৬শ শতাব্দীর পরবর্তী তিন শতকে চিংতেচেনে তৈরি কয়েক কোটি চীনামাটির পণ্য ইউরোপে পৌঁছেছিল। এসব পণ্য ইউরোপের চিত্রকলা, স্থাপত্য, আসবাবপত্র ও অলংকারশিল্পেও প্রভাব ফেলেছিল।

ব্রিটিশ গবেষক জোসেফ নিডহাম চিংতেচেনকে বিশ্বের প্রাচীনতম শিল্পনগরীগুলোর একটি হিসেবে উল্লেখ করেছিলেন। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, শহরের রাস্তা, বসতি ও বাজার ব্যবস্থাও চীনামাটি শিল্পকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল।
মিং রাজবংশের মধ্যবর্তী সময়ে চিংতেচেনের জনসংখ্যা এক লাখের বেশি হয়ে গিয়েছিল, যা সে সময়ের অনেক ইউরোপীয় শহরের তুলনায়ও বেশি ছিল। কারিগরদের বিশেষায়িত শ্রম বিভাজন, উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তিগত উদ্ভাবন চিংতেচেনকে প্রাচীন শিল্প ব্যবস্থার এক অনন্য উদাহরণে পরিণত করে।

আজও চিংতেচেন শুধু অতীতের স্মৃতি নয়; এটি একটি সৃজনশীল শহর। বর্তমানে এখানে সিরামিক কারুশিল্পের সঙ্গে যুক্ত ৩ হাজার ২০০-এর বেশি অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী রয়েছেন। শহরটি ইউনেস্কোর সৃজনশীল নগর নেটওয়ার্কের ‘কারুশিল্প ও লোকশিল্পের শহর’ হিসেবেও স্বীকৃত।

ফরাসি শিল্পী কারিমা ডুশাঁর মতো অনেক আন্তর্জাতিক শিল্পী চিংতেচেনের কারিগরি দক্ষতা থেকে অনুপ্রাণিত হয়েছেন। তাদের মতে, এখানকার কারিগরদের নিখুঁত দক্ষতা নতুন সৃষ্টিশীলতার পথ খুলে দেয়।

আন্তর্জাতিক সিরামিক বিশেষজ্ঞদের মতে, চিংতেচেন দেখিয়েছে—ঐতিহ্য শুধু সংরক্ষণের বিষয় নয়, এটি নগর উন্নয়ন, শিক্ষা, পর্যটন, উদ্ভাবন ও আন্তর্জাতিক সাংস্কৃতিক সংলাপের শক্তিশালী মাধ্যম হতে পারে।

৮৩ বছর বয়সী জাপানি সিরামিক শিল্পী তাকেশি ইয়াসুদা বলেন, চিংতেচেনের শক্তি হলো ঐতিহ্য ও উদ্ভাবনের সমন্বয়। হাজার বছরের ইতিহাস ধরে শহরটি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে।

চিংতেচেনের দলীয় প্রধান ছেন কেলং বলেন, বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি নতুন পথচলার সূচনা। চীনামাটির সংস্কৃতি রক্ষা, শিল্পে উদ্ভাবন এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের নতুন প্ল্যাটফর্ম তৈরিতে শহরটি আরও এগিয়ে যাবে।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular