ঢাকা নিউজ ডেস্ক: জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহিলা এ দল। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসার ও ভিডিপি মহিলা এ দল। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা, কৌশল ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে বিজয় নিশ্চিত করেন বাহিনীর নারী খেলোয়াড়রা।
এ গৌরবময় অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি খেলাধুলায় সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ বিজয় বাহিনীর খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে এবং জাতীয় ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১৮ থেকে ২২ নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে ১২টি এবং পুরুষ বিভাগে ২৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আনসার ও ভিডিপির নারী ও পুরুষ দলগুলো দক্ষতা, নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে। নারী বিভাগে আনসার ও ভিডিপি মহিলা এ দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মহিলা বি দল তৃতীয় স্থান অর্জন করে।
পুরুষ বিভাগেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে আনসার ও ভিডিপির দলগুলো। পুরুষ বিভাগে আনসার ও ভিডিপি বি দল চতুর্থ স্থান অর্জন করে এবং পুরুষ এ দল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যা বাহিনীর খেলোয়াড়দের প্রস্তুতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা ও ক্রীড়া উৎকর্ষ সাধনে ধারাবাহিক প্রচেষ্টা ও অগ্রযাত্রার প্রতিফলন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও অর্জন জাতীয় পর্যায়ে বাহিনীর গৌরবকে আরও সমুন্নত করছে।
ঢাকা নিউজ/এস



