ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরায়পুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘জঙ্গি বোমারু’ মামুনের ৭ দিনের রিমান্ড

রায়পুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘জঙ্গি বোমারু’ মামুনের ৭ দিনের রিমান্ড

একই মামলায় আরেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর; মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামের আরেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি নব্য জেএমবির সদস্য। তাঁর বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, এর আগে মামুনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

রায়পুর থানা-পুলিশ জানায়, গত ৩ নভেম্বর এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন মামুন। পরে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করলে তিনি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটকের পর মামুন নিজের প্রকৃত পরিচয় গোপন করে সাইফুল ইসলাম সুজন নাম জানান। তিনি নিজেকে ভোলা সদর উপজেলার বাসিন্দা বলেও পরিচয় দেন। এ ঘটনায় তাঁকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করা হয়।

পুলিশ জানায়, প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে উপজেলার চরবংশী গ্রামে ভাড়া থাকছিলেন মামুন। গত ৯ নভেম্বর তাঁর থাকার কক্ষ থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরদিন ১০ নভেম্বর বিকেলে বাড়ির উঠানের একটি গর্ত থেকে বোমাভর্তি দুধের দুটি কৌটা উদ্ধার করা হয়। ১১ নভেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করে। পরে ১২ নভেম্বর বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

মামুনকে বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। পরে রায়পুর থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে দেন। ওই জিজ্ঞাসাবাদে তাঁর প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি বোমারু মামুন’ নামে পরিচিত।

গত ১৭ নভেম্বর তাঁর প্রথম দফার রিমান্ড শেষ হয়। এরপর পুলিশ আবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে পলাতক ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular