স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ভিটিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফালু মিয়া (৪৫) ওই উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।
প্রহলাদপুর ইউনিয়নের ৭ নম্বর ইউপি সদস্য মো. আব্দুল কাদির জানান, বুধবার দুপুরে উপজেলার রাজন্দ্রেপুর এলাকায় থেকে যাত্রী নিয়ে প্রহলাদপুরের দিকে যাচ্ছিলেন ফালু মিয়া। তার অটোরিকশাটি ভিটিপাড়া বাজার পার হয়ে কিছুদূর গেলে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফালু মিয়া ঘটনাস্থলে মারা যান।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে এখনো থানা কেউ লিখিত অভিযোগ দেননি।



