নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ইন্টার্নশিপ এবং নিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়ে সংস্থাটির মানবসম্পদবিষয়ক উপ-মহাপরিচালক মার্গারেট ডোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে আইএইএতে বাংলাদেশের নাগরিকদের, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি এবং তাঁদের দক্ষতা বিকাশে আইএইএর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশ ও আইএইএর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।




