রাজবাড়ীর পাংশায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আলম শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন- এসআই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, পাংশা মডেল থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তার করতে বিলপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি, ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ আরও জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হামলাকারিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।



