ক্রীড়া ডেস্ক: চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশ বেলজিয়াম। সোমবার ‘জি’ গ্রুপের এই ম্যাচের পর দলটির কোচ রুডি গার্সিয়া স্পষ্ট জানিয়েছেন, পরের ম্যাচেই এই ভুল শুধরে নিতে হবে তার দলকে।
২০১৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার লক্ষ্য নিয়ে আসা বেলজিয়ামের পরবর্তী ম্যাচ ইরানের বিপক্ষে। ম্যাচটি প্রসঙ্গে বেলজিয়ান কোচ সরাসরি বলেন, ‘ইরানের বিপক্ষে আমাদের জিততেই হবে। এখানে অন্য কোনো পথ খোলা নেই।’
ম্যাচের প্রথমার্ধে মাঠ জুড়ে আধিপত্য দেখায় মিশর। ১৮ মিনিটে মিডফিল্ডার ইমাম আশুরের দুর্দান্ত এক স্ট্রাইকে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফারাওরা, যা আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রথম গোল। প্রথমার্ধের খেলা নিয়ে অসন্তুষ্ট গার্সিয়া বলেন, ‘দল হিসেবে প্রথমার্ধে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’
তবে ম্যাচের ৬৬ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। মাঠে নামার পরপরই ফরোয়ার্ড রোমেলু লুকাকু মিশরের ডিফেন্সে যে চাপ সৃষ্টি করেন, তাতেই ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন মিশরের ডিফেন্ডার হানি।
লুকাকুর এমন ইমপ্যাক্ট নিয়ে গার্সিয়া বলেন, ‘আমি ওর জন্য খুশি। প্রতিপক্ষ দলে যখন আপনি লুকাকুকে বদলি হিসেবে মাঠে নামতে দেখবেন, স্বাভাবিকভাবেই আপনার বুক কাঁপতে শুরু করবে এবং দুশ্চিন্তা বেড়ে যাবে।’ তবে গার্সিয়া এও জানান যে, এই স্ট্রাইকার এখনো পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নন।




