নিজস্ব প্রতিবেদক : ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ ও তা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও শুধু সরকারি উদ্যোগে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এ জন্য জেলেদেরও এগিয়ে আসতে হবে। তাঁদের মধ্যে এমন সচেতনতা তৈরি করতে হবে, যাতে তাঁরা মা ইলিশ শিকারের ক্ষতিকর দিকগুলো বুঝতে পারেন। মা ইলিশ শিকার করলে ভবিষ্যতে তাঁদের নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হবে।
মন্ত্রী আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভা শেষে প্রধান অতিথি নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন।



