গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ভালুকা-গফরগাঁও সড়কের শিবগঞ্জ সেতুতে ট্রাক্টর লরি থেকে পড়ে গিয়ে সজিব মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ঘুমন্ত অবস্থায় লরি থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিবের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। তার বাবার নাম আব্দুর রহিম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিব এই লরির শ্রমিক ছিল। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় লরিতে ঘুমিয়ে পড়েছিল সজিব। লরির ঝাঁকুনিতে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জানা গেছে লরি চালক ও মৃত ব্যাক্তি মামাতো ফুফাতো ভাই। চালক পালিয়ে গেলেও লরিটি জব্দ করে পুলিশ।



