আলামীন, রংপুর : আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কারিগরি প্রশিক্ষণের আওতায় দিনাজপুরে ১২০ জন আনসার-ভিডিপি সদস্যের প্রশিক্ষণ সমাপনী ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর দিনাজপুর আঞ্চলিক আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ৬০ দিন মেয়াদি এ প্রশিক্ষণের তিনটি ট্রেডের সমাপনী ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকেরা।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মোহাম্মদ আবদুল আউয়াল। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, বর্তমান সময়ে কারিগরি দক্ষতা আত্মনির্ভরশীল হওয়ার অন্যতম হাতিয়ার। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের নির্মাণ ও উন্নয়ন কর্মকাণ্ডেও অবদান রাখা সম্ভব।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন কারিগরি কাজের পাশাপাশি নির্মাণকাজের আধুনিক পদ্ধতি, নিরাপত্তাবিধি ও কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
মূল্যায়ন পরীক্ষার মধ্য দিয়ে ৬০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যাশা করছেন প্রশিক্ষণার্থীরা।
এদিকে ১২ ও ১৩ সেপ্টেম্বর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।




