নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।
এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা একাধিক মামলায় আইভীর জামিন কার্যকরভাবে বহাল থাকল।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে বিভিন্ন সময়ে হাইকোর্ট তাকে কয়েকটি মামলায় জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আপিলে সেই জামিন স্থগিতের ঘটনাও ঘটে। পরে আবার নতুন করে কিছু মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন।
আইভীর বিরুদ্ধে মোট ১০টি মামলায় জামিন সংক্রান্ত জটিলতা তৈরি হয়। এর মধ্যে ফতুল্লা থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলা—যেমন বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা—এবং সদর মডেল থানার সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগের মামলাও রয়েছে।
এর আগে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করে নিয়মিত বেঞ্চে পাঠান। পরে শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের জামিন বহাল রাখার আদেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই সিদ্ধান্তের পর আইভীর মুক্তিতে আর আইনি বাধা থাকছে না।
ঢাকানিউজ/নাজ/২৪



