শিক্ষা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে বুধবার (১৩ মে) দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় পুরো কেন্দ্রে অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী।
সকালেই নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে আসে ওই পরীক্ষার্থী। পরে তাকে একটি আলাদা কক্ষে একটি বেঞ্চে বসিয়ে পরীক্ষা নেওয়া হয়। পুরো কক্ষ ফাঁকা থাকায় কেন্দ্রজুড়ে তৈরি হয় নীরব ও অস্বাভাবিক পরিবেশ।
তবে একজন পরীক্ষার্থী থাকলেও কেন্দ্র পরিচালনায় কোনো শিথিলতা ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ও পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, পুলিশ সদস্য ও অফিস সহায়কসহ মোট আটজন কর্মকর্তা-কর্মচারী।
কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় ওই কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ে নিবন্ধিত ছিল মাত্র একজন পরীক্ষার্থী। নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র সংরক্ষণ, পরীক্ষার তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা দেখা গেছে। অনেকেই বলেন, সাধারণত পরীক্ষাকেন্দ্রে শত শত পরীক্ষার্থীর উপস্থিতি থাকলেও এখানে পুরো কক্ষজুড়ে ছিল একজন শিক্ষার্থী, যা একেবারেই ব্যতিক্রম।
গুজিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব শাহিনুর আলম বলেন, “পরীক্ষার্থী একজন হলেও বোর্ডের সব নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হয়েছে। কোনো ধরনের ব্যতিক্রমের সুযোগ নেই।”
তিনি আরও জানান, কেন্দ্রে উপজেলা প্রশাসনের প্রতিনিধি, ট্যাগ কর্মকর্তা, কক্ষ পরিদর্শক, শিক্ষক, পুলিশ সদস্য ও অফিস সহায়করা দায়িত্ব পালন করেন।
ঢাকানিউজ/নাজ/24




