ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রায়পুরে ‘বিসিএস ক্যাডার’ পাত্রের বিয়ের মাইকিং, এলাকায় চাঞ্চল্য

রায়পুরে ‘বিসিএস ক্যাডার’ পাত্রের বিয়ের মাইকিং, এলাকায় চাঞ্চল্য

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর শহরের এক ব্যস্ত দুপুর। চারদিকে যানবাহনের শব্দ আর মানুষের কোলাহল। হঠাৎ সেই ভিড়ের মধ্যেই ভেসে এলো মাইকিংয়ের ঘোষণা। সাধারণ মানুষ প্রথমে ভেবেছিলেন, হয়তো কোনো পণ্যের প্রচারণা বা বিশেষ অফার।

কিন্তু মাইকিংয়ের বিষয়বস্তু শুনে অনেকেই হতবাক—তেল, সাবান বা কোনো পণ্য নয়, সরাসরি ঘোষণা দেওয়া হচ্ছে ‘বিসিএস ক্যাডার’ পাত্রের বিয়ের খবর!

অটোরিকশায় রঙিন পোস্টার সাঁটিয়ে শহরের বিভিন্ন সড়কে ঘুরে এই প্রচারণা চালানো হয়, যা দেখে পথচারীদের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি হয়।

‘ঘটক সেবা’ নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের এই প্রচারণায় শুধু বিসিএস ক্যাডারই নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, প্রবাসী এমনকি ডিভোর্সি পাত্র-পাত্রীর সন্ধানও দেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, মাইকিংয়ের ভাষা ও উপস্থাপনায় বিসিএস ক্যাডার পাত্রকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা এলাকায় আগে কখনো দেখা যায়নি।

ডিজিটাল যুগে যখন মানুষ অ্যাপ ও সামাজিক মাধ্যমে জীবনসঙ্গী খুঁজে নিচ্ছে, তখন রায়পুরে সড়কে মাইকিং করে বিয়ের প্রস্তাব প্রচারের এই উদ্যোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এতে এলাকায় যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ঘটক সেবার লক্ষ্মীপুর জেলা পরিচালক মো. শরিফ হোসেন বলেন, পাত্র-পাত্রীর সন্ধান সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতেই এ ধরনের প্রচারণা চালানো হয়েছে।

তার ভাষায়, এটি শুধু একটি প্রচারণা, উদ্দেশ্য হলো সঠিকভাবে প্রোফাইলগুলোকে মানুষের সামনে তুলে ধরা।

এ ঘটনার মাধ্যমে বিয়ের বাজারে পেশাদার ঘটক সেবার নতুন ধারা তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এই ‘মাইকিং সংস্কৃতি’ শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তা নিয়েও চলছে নানা প্রশ্ন।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular