ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আইএইচটি স্থাপনের তাগিদ

লক্ষ্মীপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আইএইচটি স্থাপনের তাগিদ

ফারজানা আক্তার বৃষ্টি, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সিং কলেজের পাশাপাশি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, আইএইচটি প্রতিষ্ঠা করা হলে হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মানসম্মত প্রতিবেদন পাওয়ার সুযোগ তৈরি হবে।

সোমবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি এবং জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে সভাটি আয়োজন করা হয়।

সভায় পরিবেশমন্ত্রী বলেন, গত ১৭ বছরে লক্ষ্মীপুরে তেমন কোনো উন্নয়নকাজ হয়নি। তিনি বলেন, ‘আমি লক্ষ্মীপুরের উন্নয়নে সমন্বয় করব। লক্ষ্মীপুরের উন্নয়নে চার এমপিকে নিয়ে সমন্বিতভাবে কাজ করব।’

স্বাস্থ্য বিভাগের জনবলসংকটের কথা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, জেলার স্বাস্থ্য বিভাগে এক হাজার পদের মধ্যে প্রায় ৫০০ পদই শূন্য রয়েছে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

নার্সিং কলেজের পাশাপাশি আইএইচটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আইএইচটি হলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে মানসম্মত প্রতিবেদন পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে জেলার মানুষের চিকিৎসাসংক্রান্ত ভোগান্তিও কমবে।

সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular