আগামী সংসদ নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি– তা নিয়ে লন্ডনে ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী রূপরেখা নিয়ে দলটির ভাবনা কী? এ বিষয় নিয়েও বৈঠকে আলাপ হয়েছে। গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বৈঠকটি হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। খবর চ্যানেল টোয়েন্টিফোরের।
দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ভালো বৈঠক হয়েছে। তারা দেখা করতে চেয়েছে, তারা সম্পর্ক গড়তে চেয়েছে, এটি স্বাভাবিক। নির্বাচনে জয় পেলে বিএনপি কী করবে, তা বুঝতে চেয়েছে। তারেক রহমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কীভাবে দেখছেন, তা জানতে চেয়েছে। তিনি জানান, অতীতে আগ্রহ থাকলেও পারেনি, কারণ গত সাড়ে ১৫ বছর শেখ হাসিনা সে সুযোগটি দেয়নি। এখন তো সবাই মুক্ত।
টালমাটাল বিশ্বব্যবস্থা ও ভারতের সঙ্গে বোঝাপড়ার বিষয়ে বিএনপির ভাবনা নিয়ে হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের বিবেচনায় ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে। বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ব্যবহার পরিবর্তন করতে হবে। বাংলাদেশে কী হচ্ছে, তা বুঝতে না পারা ভারতের চরম ব্যর্থতা।
ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। বাংলাদেশে বিভিন্ন দল ও সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বৈঠকের অংশ হিসেবে তারেক রহমানের সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের এ আলোচনা।



