ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসাভারে ট্যানারিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

সাভারে ট্যানারিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

সাভারে চামড়া শিল্প নগরীতে চোরাই বাইপাস লাইন ব্যবহার করে গ্যাস চুরির ঘটনায় একটি ট্যানারির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভিজিল্যান্স টিম।

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে হাইটেক ট্যানারি নামের প্রতিষ্ঠানে এ অভিযান শুরু হয়। তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেলের নেতৃত্বে দীর্ঘ অনুসন্ধানের পর অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি শনাক্ত করা হয়।

তিতাসের পক্ষ থেকে জানানো হয়, বৈধ সংযোগের আড়ালে ভূগর্ভস্থ আরসিসি ঢালাইয়ের নিচ দিয়ে অবৈধভাবে বাইপাস লাইন স্থাপন করে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। কারখানায় বয়লারসহ বিভিন্ন ড্রায়ার ও লেদার প্রসেসিং মেশিনে এই গ্যাস ব্যবহার করা হতো।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিআই ও এমএস পাইপ ব্যবহার করে গভীর থেকে গ্যাস লাইন সংযোগ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ১৫ লাখ টাকার গ্যাস চুরি করা হতো বলে ধারণা করা হচ্ছে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া মো. আব্দুল আলীম রাসেল জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, প্রায় এক ঘণ্টা ধরে পরিচালিত অভিযানে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং নিয়ম অনুযায়ী বিল ও জরিমানা নির্ধারণ করা হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসের সিস্টেম লস নির্ধারিত সীমায় না আসা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular