নিউজ ডেস্ক: পাকিস্তানের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসি (এনএসপিপি) আয়োজিত ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর সিনিয়র সিভিল সার্ভেন্টস অব বাংলাদেশ’ কোর্সে অংশগ্রহণের জন্য রবিবার, ৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশের ৩৪ জন কর্মকর্তা পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বাগত জানান এনএসপিপি’র ডিন Dr. Naveed Elahi এবং সেদেশে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার ফজলে লোহানী বাবু।
পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা লাহোরের ন্যাশনাল স্কুল অফ পাবলিক পলিসিতে দুই সপ্তাহব্যাপী ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাই কমিশনার ইমরান হায়দার প্রতিনিধিদলটিকে বিদায় জানান।
ইমরান হায়দার এই কর্মসূচিকে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
তিনি জনপ্রশাসনের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্বের দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের ওপর আলোকপাত করেন।
তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কথা উল্লেখ করেন এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল শাসনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দেন।
২০২৫ সালের আগস্ট মাসে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার কর্তৃক ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর প্রসঙ্গ টেনে ইমরান হায়দার জানান যে, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করেছেন এবং আরও ২০ জন শিক্ষার্থী শীঘ্রই সেখানে যোগ দেবেন।
তিনি আরও উল্লেখ করেন যে, চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের ১২ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার প্রথম দলটি সফলভাবে এই ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’ সম্পন্ন করেছিল।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান প্রতিনিধিদলটি এই কর্মসূচিতে অংশগ্রহণকারী দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রতিফলন।



