ক্রীড়া ডেস্ক: ‘ব্রাজিল এই বিশ্বকাপ ও আগামী বিশ্বকাপেও ওর প্রতিভার পূর্ণ সুবিধা পাবে। কেননা সে অত্যন্ত ধৈর্যশীল, কোনো তাড়াহুড়ো নেই এবং এই বয়সেই দারুণ পরিপক্ব। পরিবারের সমর্থনও ওর বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।’ এভাবেই এনড্রিকের প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিল কোচ। দলের অন্যান্য আক্রমণভাগের খেলোয়াড়দের তুলনায় তাকে সম্পূর্ণ আলাদা ধরনের ফুটবলার হিসেবে বর্ণনা করেন তিনি।
ব্রাজিল স্ট্রাইকার এনড্রিককে শুরুর একাদশে রাখার দাবিতে চারদিক থেকে চাপ বাড়লেও নিজের সিদ্ধান্তে অবিচল কোচ কার্লো আনচেলত্তি। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আরও বেশি খেলার সুযোগ দেওয়ার জোরালো দাবি উঠলেও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মাস্টারমাইন্ড আনচেলত্তি।
তবে তিনি আশ্বস্ত করেছেন, চলমান বিশ্বকাপেই সঠিক সময়ে মাঠে নামার সুযোগ পাবেন ব্রাজিলের এই উদীয়মান তারকা। আনচেলত্তি বলেন, ‘আমি এনড্রিককে একদম সঠিক সময়ে মাঠে নামাবো। আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে এবং সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’




