নিউজ ডেস্ক: ফুটবল মাঠে গোলের পর গোল করে বিশ্বজয় করেছেন। এবার ক্যামেরার সামনে নতুন শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
খেলোয়াড়ি জীবনের বাইরেও নিজের সাম্রাজ্য বড় করছেন পর্তুগিজ মহাতারকা। এবার নাম লেখালেন টেলিভিশন জগতে। ‘ডে ওয়ানস’ নামের একটি ফুটবলভিত্তিক ড্রামা সিরিজের মাধ্যমে টিভি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন রোনালদো। নিশ্চিত করেছেন, সিরিজটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটি নির্মাণে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন ‘ইউআর মার্ভ স্টুডিওস’। সিরিজটিতে নিজের চরিত্রেই অভিনয় করবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের ৬৮ কোটি ১০ লাখ অনুসারীর উদ্দেশে ৪১ বছর বয়সি রোনালদো লিখেছেন, ‘রোমাঞ্চকর খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ সবেমাত্র শুরু হয়েছে। সামনে আরও চমক আসছে!’
ঘোষণার সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন রোনালদো। একটি ছবিতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস ও র্যাপার ডেভকে। দুজনই সিরিজটির অভিনয়শিল্পী তালিকায় রয়েছেন। অন্য একটি ছবিতে দেখা গেছে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুম।
সিরিজটির গল্প আবর্তিত হয়েছে স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক ব্রিটিশ ফুটবল এজেন্টকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করছেন ড্যামিয়ান লুইস। দলবদল ও ফুটবল ব্যবসার জটিল দুনিয়ায় নানা চ্যালেঞ্জ সামলাতে দেখা যাবে তাকে।
এ ছাড়া সিরিজটিতে অতিথি চরিত্রে দেখা যাবে আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরিকে। নিজের চরিত্রেই পর্দায় হাজির হবেন তিনি।
ফুটবল মাঠের সাফল্যের পর এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোনালদো। ‘ডে ওয়ানস’ হতে যাচ্ছে সেই যাত্রার প্রথম বড় পদক্ষেপ।



