ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অভিনন্দন জানিয়ে মিছিল করেন নেতাকর্মীরা। পরে বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী করিম, বর্তমান সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জসহ দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, “চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি চন্দ্রগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “চন্দ্রগঞ্জকে উপজেলা করার ক্ষেত্রে পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য তাকেও অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে নয়টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা গঠন করা হয়। ইউনিয়নগুলো হলো—বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী। থানা ঘোষণার পর থেকেই এলাকাবাসী চন্দ্রগঞ্জকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular