আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনী সিরিয়ায় হামলা বন্ধে জাতিসংঘের মহাসচিবের আহ্বান উপেক্ষা করে রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতভর ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি সামরিক বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাতে রাজধানী দামেস্কে সিরিয়ার সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সদর দফতর এবং নিকটবর্তী গ্রামাঞ্চলে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়ন লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
গতকাল হাজার হাজার মানুষ বাশার আল–আসাদের পতন উদযাপন করতে রাস্তায় নেমে এসেছিল। এ সময় ইসরাইলি বাহিনী হামলা চালায়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একের পর এক বিমান হামলা চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় তারা। এরপর অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দিকে। গতকাল রাতে সরাসরি দামেস্কে হামলা চালায় ইসরাইলি বাহিনী।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, আসাদ সরকারের পতন হওয়ার পর অস্ত্র ও সামরিক স্থাপনাগুলো যাতে বিদ্রোহীদের হাতে চলে না যায় এবং তাদেরর জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, এ জন্য তারা অভিযান চালাচ্ছে।
গত ৮ ডিসেম্বর ২৪ বছর ধরে শাসন করা স্বৈরশাসক বাশার আল–আসাদকে উৎখাত করে দামেস্ক দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী। এরপরই সিরিয়ার গোলান মালভূমিসহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল করে নেতানিয়াহু বাহিনী।
ইসরাইলের এমন আগ্রাসী অভিযানের নিন্দা জানিয়েছে সৌদি আরক, কাতার ও ইরাক। এরপর শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়ায় হামলা বন্ধ করতে আহ্বান জানান। কিন্তু সেই আহ্বানে কান না দিয়ে গতকাল রাতেই দামেস্কে হামলা চালাল আইডিএফ।



