আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎ ও আলোচনায় প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনায় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে সরকারের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
আইএসপিআর জানায়, বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।




