ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে বেদে ও বেওয়ারিশ লাশ দাফনে গণকবরস্থানের উদ্যোগ

লক্ষ্মীপুরে বেদে ও বেওয়ারিশ লাশ দাফনে গণকবরস্থানের উদ্যোগ

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকায় বেদে সম্প্রদায়ের মৃত ব্যক্তি এবং পরিচয়হীন ও বেওয়ারিশ লাশ দাফনের জন্য গণকবরস্থান স্থাপনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ জন্য ২৩ শতাংশ সরকারি খাস জমি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শাখাওয়াত হোসেন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মজুচৌধুরীর হাট এলাকায় ২৩ শতাংশ সরকারি খাস জমিতে কবরস্থান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বেদে সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের পাশাপাশি পরিচয়হীন ও বেওয়ারিশ লাশ দাফনের ব্যবস্থা থাকবে। এসব মরদেহ দাফনের জন্য স্থায়ী জায়গার সংকট থাকায় প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।

জায়গা পরিদর্শনের সময় ইউএনও প্রস্তাবিত এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। কবরস্থান স্থাপনের সম্ভাব্যতা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কবরস্থানটি স্থাপন করা হলে পরিচয়হীন ও বেওয়ারিশ লাশ দাফনের জন্য একটি নির্দিষ্ট স্থান পাওয়া যাবে। পাশাপাশি বেদে সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের দাফনের ক্ষেত্রেও স্থায়ী ব্যবস্থা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় বেদে সম্প্রদায়ের মৃত ব্যক্তি এবং বেওয়ারিশ লাশ দাফনের জন্য স্থায়ী জায়গার প্রয়োজন ছিল। প্রশাসনের উদ্যোগটি বাস্তবায়িত হলে এ সমস্যার সমাধান হবে বলে তাঁরা আশা করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular