নাজমুল হোসেন : ১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখা।
অনুষ্ঠানে রবীন্দ্রচর্চা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয়।
আলোচনা সভায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আরজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মাইন উদ্দিন পাঠান, কেন্দ্রীয় সদস্য দুলাল পোদ্দার, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, অধ্যাপক মাহবুবে এলাহী সানি, বিশিষ্ট ব্যবসায়ী শংকর মজুমদার, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, সাংস্কৃতিক কর্মী কার্তিক সেনগুপ্ত ও ড্যানি চৌধুরী শাকিকসহ অনেকে।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীত বাঙালির চেতনা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁর চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
ঢাকানিউজ/নাজ/24




