দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ধারালো ছুরির আঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী ও শ্যালককেও আঘাত করে আহত করেছেন তিনি। এ ঘটনায় মেয়েজামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার বাহা বেসরা (৫৫) একই গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী।
আহত দুজন হলেন– সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে ১৫ দিন আগে মিনি হাসদা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন।
শুক্রবার গভীর রাতে সামিয়েল মার্ডি শ্বশুরবাড়ি গেলে ফের কলহ দেখা দেয়। এক পর্যায়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে এলে তাদেরও আঘাত করা হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলে বাহা বেসরাকে মৃত অবস্থায় পান। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



