হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের প্রথম সারির তিন নেতা।
হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা রফিক আহমেদ, সহসভাপতি ও করাব ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হাই কামাল এবং যুবলীগ নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ নূর হোসেনকে।
শুক্রবার (২৪ মে) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনসিপির এক মতবিনিময় সভায় পতিত আওয়ামী লীগের এ তিন নেতা বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক। হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
সভায় ফ্যাসিস্ট দলের তিন নেতার অবস্থান নিয়ে জেলা এনসিপি নেতা পলাশ মাহমুদ বলেন, হবিগঞ্জে ৪ আগস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যের নেতৃত্বে ছাত্রজনতার ওপর হামলাকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের এনসিপিতে আনা হয়েছে। আমরা এটা মেনে নিইনি। এই সভা বর্জন করে অন্যত্র সভা করছি।
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বলেন, জুলাই-আগস্টের চেতনায় বিশ্বাস করে এনসিপির নীতি আদর্শ মেনে যারা কাজ করতে চায় তাদের সঙ্গে আমরা বিগত দিনে বসেছি, আজও বসেছি। তাদের বক্তব্য শুনে যাচাই-বাছাই করা হচ্ছে। পরে সিদ্ধান্ত হবে।



