ক্রীড়া ডেস্ক: বিশ্বমঞ্চে আবারও আগুন ঝরাতে প্রস্তুত দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একপাশে গোলমেশিন আর্লিং হালান্ড, অন্য পাশে ব্রাজিলের রক্ষণদুর্গ গ্যাব্রিয়েল।
ইংলিশ প্রিমিয়ার লিগে বহুবার উত্তাপ ছড়ানো এই দ্বৈরথ এবার গড়াচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ-বিশ্বকাপে। তাই শেষ ষোলোর ব্রাজিল–নরওয়ে লড়াই শুধু দুই দলের নয়, কোটি দর্শকের চোখ থাকবে দুই তারকার ব্যক্তিগত লড়াইয়েও।
চলমান বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে।
সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সাটনের মতে, চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত লড়াই। তার ভাষ্যে, ‘মেসি, এমবাপ্পে, কেইন কিংবা হালান্ডের মতো তারকাদের গোলের লড়াই আমরা দেখেছি। কিন্তু মাঠের ভেতর এমন ব্যক্তিগত দ্বৈরথ অনেক দিন দেখা যায়নি। এই লড়াই ম্যাচের ফল নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে।’
‘দুজনের মধ্যেই প্রবল জেদ রয়েছে। তারা একে অপরকে পছন্দ করে না, আর সেটাই প্রতিদ্বন্দ্বিতাকে আরও উপভোগ্য করে তোলে।’
ব্রাজিল ইতিহাসে এখনো নরওয়েকে হারাতে পারেনি। দুই দলের চার দেখায় দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে নরওয়ে।




