ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নিশংসভাবে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মুখে কালো কাপড় বেধে মৌন মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে টি এ রোডে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আমিনুল ইসলাম আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল সরকার, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাদিম, দপ্তর সম্পাদক হালিমা খানম, ক্লাবের সদস্য আবদুল কাইয়ুম, ইয়াছিন মাহমুদ, অনলাইন বিডি টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শেখ রাজন, সাপ্তাহিক অগ্রযাত্রার পত্রিকার স্টাফ রিপোর্টার হারুন আল রশিদ প্রমুখ। উক্ত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সাংবাদিকরা বলেন সাগর-রুনিসহ হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা আরো বলেন, সাংবাদিকদের জাতীর চতুর্থস্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো নেককারজনক ঘটনা গণমাধ্যমের বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা মামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সাংবাদিকসহ সকল গণমাধ্যমকর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার উপর নগ্ন হামলা বলে দাবী করেন তারা।



