সংস্কৃতি ডেস্ক
কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত আনোয়ারা ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই শিল্পীর ক্যারিয়ারে একুশে বা স্বাধীনতা পদকের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তিনি কেন্দ্রীয় চরিত্রে একবার, পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ২০২২ সালে অর্জন করেন আজীবন সম্মাননা।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়ের সঙ্গে মিশে যায়, হয়ে ওঠে প্রজন্মের স্মৃতি। আলো-ছায়ার সেই জাদুকরি জগতে আনোয়ারা তেমনই এক নাম। পর্দায় কখনো তিনি নবাব সিরাজউদ্দৌল্লার আলেয়া, কখনো স্নেহময়ী মা, কখনো কঠিন শাশুড়ি কিংবা দাদিমা—চরিত্র বদলালেও অভিনয়ের গভীরতায় কখনো ফুরোয়নি তাঁর আবেদন।
মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু হয়েছিল আনোয়ারার। ফজলুল হক পরিচালিত ‘আজান’ ছবিতে নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় তাঁর যাত্রা। ছবিটির নাম পরে বদলে করা হয় ‘উত্তরণ’, মুক্তি পায় ১৯৭৪ সালের দিকে। যদিও শুটিংয়ের দিক থেকে এটি তাঁর প্রথম ছবি, মুক্তির দিক থেকে আনোয়ারার প্রথম চলচ্চিত্র আবদুল জব্বার খান পরিচালিত ‘নাচঘর’। উর্দু ভাষার এ ছবি মুক্তি পায় ১৯৬৩ সালে। সেখান থেকেই শুরু—একটানা কাজ করেছেন ২০২১ সাল পর্যন্ত।







