ক্রীড়া ডেস্ক :কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে শীর্ষ চার দলই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফেভারিট হিসেবে মাঠে নামবে। আর তারা যদি নিজ নিজ ম্যাচে জিতে যায়, তবে সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা দুই পরাশক্তি দেশের মধ্যকার দুটি জম্পেশ লড়াই দেখার সুযোগ পাবেন; ম্যাচ দুটি হবে: স্পেন বনাম ফ্রান্স এবং আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড।
অবশ্য বড় বা শীর্ষ দলগুলোর প্রতি ফিফা সবসময়ই একটু বাড়তি পক্ষপাতিত্ব বা বাড়তি সুবিধা দেয়—এমন অপবাদ শোনার অভ্যাস বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বেশ পুরোনো। এর মধ্যে শেষ ষোলোর ম্যাচে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বিপক্ষে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিতর্কিত ম্যাচ পরিচালনার বিরুদ্ধে ফিফার কাছে ইতিমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশর।
ওই ম্যাচে আলবিসেলেস্তেরা মাত্র ১৪ মিনিটের ব্যবধানে অবিশ্বাস্যভাবে ৩ গোল ফিরিয়ে দিয়ে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলে, প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ‘দ্য ফারাও’ খ্যাত মিশর।
মিশরীয় দলের দাবি, রেফারির বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ায় তাদের এই হারের পেছনে লেতেক্সিয়ের এক বিতর্কিত ও মূল ভূমিকা পালন করেছেন।




