নিউজ ডেস্ক: সুন্দরবনে দিন দিন বেড়ে চলা বনদস্যুদের তৎপরতা বন্ধ ও নিরাপদে মাছ-বনজ সম্পদ আহরণের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ-বন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বনজীবীরা।
সোমবার (৯ নভেম্বর) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফরেস্ট অফিস সংলগ্ন নদীতে গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালীসহ উপকূলের বিভিন্ন এলাকা থেকে আসা জেলে, বাওয়ালি ও মৌয়ালরা এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বনজীবীরা সুন্দরবনে প্রবেশের পথ আটকে সারিবদ্ধভাবে নৌকা নিয়ে নদীতে অবস্থান নেন। এতে বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, মহিলা ইউপি সদস্য ফরিদা খাতুন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আশিকুর রহমান আশিকসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সুন্দরবন উপকূলীয় হাজার হাজার মানুষের প্রধান জীবিকার উৎস হলেও বনদস্যুদের একের পর এক অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যে জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সময়মতো মুক্তিপণের টাকা দিতে না পারলে অপহৃতদের ওপর নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দেওয়া হচ্ছে এবং অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। আত্মসমর্পণের নামে লোক দেখানো কার্যক্রম বন্ধ করে মূল অপরাধী ও তাদের সহায়তাকারীদের আইনি ব্যবস্থার আওতায় আনার দাবি জানান তারা।
বনজীবীদের অভিযোগ, ইতোপূর্বে মানবেতর পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন, গণমিছিল ও স্মারকলিপি দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি; বরং হামলা ও দস্যুতা আরও বৃদ্ধি পেয়েছে। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে তারা জানান, মাত্র গত তিন দিনে ১১ জন জেলে অপহৃত হয়েছেন এবং প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। বাস্তব অপহৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এ অবস্থায় সুন্দরবনে বনজীবীদের জীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বনমন্ত্রীর সরাসরি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



