নাসরিন আজাদ
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন বাংলা ভাষা আন্দোলনের প্রথম ও অন্যতম প্রধান রূপকার। বাংলা ভাষার জন্য প্রথম কথা বলেছিলেন ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষার মর্যাদা-প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রপথিক এবং প্রবর্তক। সরকারি নথিতে বাংলা ভাষাকে মর্যাদা দানের প্রথম প্রস্তাবকারী ধীরেন্দ্রনাথ দত্ত। ছিলেন অকুতোভয় স্বাধীনতা সংগ্রামীও।
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন এবং ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে সংশোধনী প্রস্তাব দেন। মূলত তখন থেকেই পাকিস্তানে ভাষা আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছিল। তার এই সাহসী পদক্ষেপই পূর্ব বাংলায় বাংলা ভাষার দাবিকে সাংগঠনিক রূপ দেয়।
১৮৮৬ সালের ২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন ধীরেন্দ্রনাথ দত্ত। তার বাবা জগবন্ধু দত্ত ছিলেন কসবা ও নবীনগর মুনসেফ আদালতের সেরেস্তাদার। শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরে আইন পেশায় যুক্ত হন। তবে পেশাগত জীবনের পাশাপাশি রাজনীতি ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন আমৃত্যু।
১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বাংলাভাষীদের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সোচ্চার হন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন তিনি। তার সেই প্রস্তাব ও বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রভাষা বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গণপরিষদ অধিবেশনের শুরুতে পূর্ব বাংলার কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, বাংলা একটি প্রাদেশিক ভাষা হলেও সমগ্র পাকিস্তানের মোট ৬ কোটি ৯০ লাখ লোকের মধ্যে ৪ কোটি ৪০ লাখ লোক বাংলা ভাষায় কথা বলে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠি বাঙালি এবং তাদের ভাষা বাংলা। কিন্তু ভাষা ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান সরকার যে ভূমিকা পালন করেছে তা মোটেই সমর্থনযোগ্য নয়।
কথাসাহিত্যিক রশীদ হায়দার এক প্রবন্ধে লিখেছেন, পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের দুঃসাহসিক ভূমিকা পাকিস্তানের শাসকগোষ্ঠী ও সামরিক জান্তা ভুলতে পারেনি। তার মতে, ধীরেন্দ্রনাথের অকুতোভয় অবস্থানই পরবর্তী সময়ে পাকিস্তান রাষ্ট্রের বিভক্তির বীজ বপন করেছিল।
ভাষা-সম্পর্কিত একটি নির্দোষ সংশোধন আলোচনা যে শেষ পর্যন্ত রাষ্ট্রভাষার দাবীতে পর্যবসিত হয়, তার প্রমাণ আমরা পেয়েছি ধীরেন্দ্রনাথ দত্ত-লিয়াকত আলী খানের তর্কযুদ্ধে। শহীদ দত্ত দ্ব্যর্থহীন ভাষায় জানান, “So, Sir, I know I am voicing the sentiments of the vast millions of our State and therefore Bengalee should not be treated as a Provincial Language. It should be treated as the language of the State. সময় এবং সঠিক সময়ই প্রকৃত সত্য উদঘাটন করে। শেষ বাক্য It should be treated as the language of the state-ই ঘোষণা দেয় রাষ্ট্রভাষা বাংলা চাই। সেই দাবি তুঙ্গে ওঠে ঠিক চার বছর পর; ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে।
শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেই নয়, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধীরেন্দ্রনাথ দত্তের। ১৯৭১ এর মার্চে তিনি নিজের হাতে কুমিল্লার বাড়িতে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। এরপরই তার রক্তে রঞ্জিত হয়েছিল শ্যামল বাংলার মাটি। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে ছোট ছেলে দিলীপ কুমার দত্তসহ ধীরেন্দ্রনাথ দত্তকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ময়নামতি সেনানিবাসে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। তবে হত্যার সঠিক দিনক্ষণ জানা যায়নি।
১৯৭১ সালের ২৯ মার্চ রাতে কুমিল্লার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ৮৫ বছর বয়সী ধীরেন্দ্রনাথ দত্তকে। এরপর তাকে কুমিল্লা সেনানিবাসে নিয়ে চালানো হয় নির্মম নির্যাতন। সেই নির্যাতনের বিবরণ দিয়েছেন কুমিল্লা সেনানিবাসের নাপিত রমণীমোহন শীল। তার ভাষ্য অনুযায়ী, ধীরেন্দ্রনাথ দত্তের ওপর এমন অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যা দেখে কোনো বিবেকবান মানুষের চোখের পানি ধরে রাখা কঠিন।
নাপিত রমণীমোহন শীলের এক সাক্ষাৎকারে জানা যায় “ধীরেন বাবু সম্পর্কে বলতে গিয়ে রমণী শীলের চোখের জল বাঁধন মানেনি। মাফলারে চোখ মুছে তিনি বলেন, ‘আমার সে পাপের ক্ষমা নেই। বাবু স্কুলঘরের বারান্দায় অতি কষ্টে হামাগুড়ি দিয়ে আমাকে জেজ্ঞেস করেছিলেন কোথায় প্রস্রাব করবেন। আমি আঙ্গুল দিয়ে ইশরায় তাকে প্রস্রাবের জায়গা দেখিয়ে দিই। তখন তিনি অতি কষ্টে আস্তে আস্তে হাতে একটি পা ধরে সিঁড়ি দিয়ে উঠানে নামেন। তখন ঐ বারান্দায় বসে আমি এক জল্লাদের দাড়ি কাটছিলাম। আমি বারবার বাবুর দিকে অসহায়ভাবে তাকাচ্ছিলাম বলে জল্লাদ উর্দুতে বলে, ‘এটা একটা দেখার জিনিস নয়-নিজের কাজ কর।’ এরপর বাবুর দিকে আর তাকাবার সাহস পাইনি। মনে মনে শুধু ভেবেছি বাবু জনগণের নেতা ছিলেন, আর আজ তাঁর কপালে এই দুর্ভোগ। তাঁর ক্ষতবিক্ষত সমস্ত দেহে তুলা লাগান, মাথায় ব্যান্ডেজ, চোখ ও হাত বাঁধা অবস্থায় উপর্যুপরি কয়েকদিনই ব্রিগেড অফিসে আনতে নিতে দেখি।”
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন ভাষাপ্রেমিক, দেশপ্রেমিক। জনগণের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য বোধ এবং আত্মত্যাগের কথা বাঙালি আজীবন পরম শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে রাজধানীতে স্মরণীয় স্থাপনা নির্মাণের মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শন এখন সময়ের দাবি।
লেখক- শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়।



