গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও থানার সামনে থেকে প্রচার মাইকসহ ব্যাটারি চালিত একটি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাড়িটি ছিল স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের। আধুনিক হাসপাতাল নামে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব জানায়, গফরগাঁও আধুনিক হাসপাতালের প্রচার কাজে নিয়োজিত অটোরিকশাতে দুটি প্রচার মাইক বাধা ছিল। আনুমানিক দুই লাখ টাকা মূল্যের অটো গাড়িটি বুধবার সন্ধ্যার দিকে থানা গেইট সংলগ্ন ছাপাঘর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা হয়। রাতে অজ্ঞাত চোরচক্র গাড়িটি নিয়ে যায়। গত ১৬ আগস্ট সন্ধ্যার দিকে থানার পঞ্চাশ মিটার দূরে সাব-রেজিস্টার অফিসের সামনে থেকে মা ফুড এর পণ্য বোঝাই একটি বক্স অটোরিকশা চুরির ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার অবনতির সুযোগে ব্যাটারি চালিত অটোরিকশা-গাড়ি চুরি বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই অটোরিকশা। গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব বলেন, দীর্ঘদিন ধরে প্রচার শেষে মাইক বাধা গাড়িটি থানা সংলগ্ন আমার অপর ব্যবসা প্রতিষ্ঠান মায়ামি ফুড প্রোডাকস এবং ছাপাঘর এর সামনে রাখা হতো। কিন্তু বুধবার রাতে চোরচক্র গাড়িটি ছাপাঘর এর বারান্দা থেকে নিয়ে যায়। গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, থানার সামনে থেকে অটোরিকশা চুরির ঘটনায় একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



