ক্রীড়া ডেস্ক: ”নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। জয় পেতে হলে পুরো ৯০ মিনিটই নিখুঁত ফুটবল খেলতে হবে তার দলকে।” ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট পর্বে কানসাস সিটিতে ঘানা ও কলম্বিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ঘানার কোচ কার্লোস কুইরোজ একথা বলেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, নকআউট পর্বের চাপকে তিনি কোনো বোঝা হিসেবে দেখছেন না; বরং এটিকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছেন। তার ভাষ্যে, এটি এমন একটি লড়াই যেখানে ‘জিতলে সব, হারলে শূন্য’। তবে কঠিন এই চ্যালেঞ্জ মোকাবিলায় তার খেলোয়াড়রা সম্পূর্ণ প্রস্তুত বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
কুইরোজ বলেন, ‘উভয় দলের জন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। মাঠে ভিন্ন দুই ফুটবল দর্শনের দুটি শক্তিশালী দলের লড়াই দেখতে দারুণ লাগবে। দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, পাশাপাশি দর্শকদেরও উপভোগ্য ফুটবল উপহার দিতে চাইবে। অবশ্যই, সবাই নিজের দেশের জন্য সেরা ফল নিয়েই মাঠ ছাড়তে চায়। আমি আশা করি, সঠিক মানসিকতা ও অনুপ্রেরণা নিয়ে আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলব এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারব।’




