ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeস্বাস্থ্যখাওয়ার পর কেন হাঁটা জরুরি

খাওয়ার পর কেন হাঁটা জরুরি

নিউজ ডেস্ক: খাওয়ার পরপরই সোফায় গা এলিয়ে দেওয়া কিংবা শুয়ে পড়ার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। অথচ দৈনন্দিন এই সামান্য অলসতাই ডেকে আনতে পারে গ্যাস্ট্রিক, ওজন বৃদ্ধি ও রক্তে শর্করার অস্থিতিশীলতার মতো জটিলতা। চিকিৎসাবিজ্ঞান বলছে, এর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে প্রতিবেলা খাবারের পর মাত্র ১০-১৫ মিনিট হাঁটার অভ্যাসে।

হেলথলাইন ও ভেরি ওয়েল হেলথের প্রতিবেদন অনুযায়ী, একটু বেশি খাওয়া হয়ে গেলে কিংবা প্রতিদিনের স্বাভাবিক খাবারের পরও মাত্র ১০ থেকে ১৫ মিনিট হাঁটাহাঁটি করলে শরীরে বহুমুখী উপকার মেলে।

খাওয়ার পর হাঁটার প্রধান উপকারিতা

হজমশক্তি বাড়ায় ও গ্যাস কমায়: খাওয়ার পর হাঁটলে পাকস্থলী ও অন্ত্র উদ্দীপ্ত হয়, ফলে খাবার দ্রুত হজম হয়। গবেষণায় দেখা গেছে, প্রতিবেলা খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটলে পেট ফাঁপা, গ্যাস ও ঢেকুরের সমস্যা অনেকটাই কমে যায়। এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের (আইবিএস) রোগীদের ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ: বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য খাওয়ার পর হাঁটা অত্যন্ত জরুরি। গবেষণায় প্রমাণিত হয়েছে, দিনে একবার টানা ৩০ মিনিট হাঁটার চেয়ে প্রতিবেলা খাওয়ার পর ১০ মিনিট করে হাঁটা রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়া রোধে বেশি কার্যকর।

হৃদ্‌রোগ ও রক্তচাপ কমায়: নিয়মিত হাঁটা রক্তচাপ এবং শরীরের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমিয়ে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। এ ছাড়া রাতের খাবারের পর হাঁটলে রাতের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

ওজন নিয়ন্ত্রণ ও ভালো ঘুম: দুপুর ও রাতের খাবারের পর স্বল্প সময়ের হাঁটা অতিরিক্ত ক্যালরি পুড়িয়ে পেটের মেদ ও ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি রাতের ঘুমের মান উন্নত করে এবং দ্রুত ঘুমাতে সহায়তা করে।

মানসিক স্বাস্থ্য ও অলসতা দূর করে: খাওয়ার পরপরই সোফায় বসে টিভি দেখার অভ্যাস রক্তনালির কার্যকারিতা কমিয়ে দেয়। হাঁটার অভ্যাস দীর্ঘক্ষণ বসে থাকার এই ক্ষতি পুষিয়ে দেয় এবং মানসিক অবসাদ দূর করে মন সতেজ রাখে।

কতক্ষণ এবং কীভাবে হাঁটবেন

বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পরপরই খুব জোরে হাঁটা বা ভারী ব্যায়াম করা উচিত নয়; এতে পেটব্যথা, বমিভাব বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।

সময় ও গতি: হালকা বা স্বাভাবিক খাবারের ১০ থেকে ১৫ মিনিট পর এবং ভারী খাবারের ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর হাঁটা শুরু করা ভালো। শুরুতে ২ থেকে ৫ মিনিট দিয়ে অভ্যাস শুরু করে ধীরে ধীরে প্রতিবেলা খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটার চেষ্টা করুন।

হাঁটার ধরন: এমন গতিতে হাঁটুন, যাতে হৃৎস্পন্দন কিছুটা বাড়ে, কিন্তু কথা বলতে বা শ্বাস নিতে কষ্ট না হয় (ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার বা ৩ মাইল গতিতে)। সপ্তাহে ৫ দিন এভাবে দিনে তিনবেলা ১০ মিনিট করে হাঁটলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নির্ধারিত শরীরচর্চার লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হয়ে যায়।
Sad walking Images – Free Download on Magnific (formerly Freepik)

হাঁটার অভ্যাস গড়বেন যেভাবে

নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই, কেবল ছোট কিছু পদক্ষেপই যথেষ্ট—

একবারে ৩০ মিনিট হাঁটার কঠিন লক্ষ্য না নিয়ে মনকে বলুন, শুধু জুতাটা পরে বাইরে থেকে একটু ঘুরে আসব। ঘর থেকে একবার বের হলেই হাঁটা সহজ হয়ে যাবে।

পায়ের সুরক্ষা ও আরামের জন্য ভালো মানের ‘ওয়াকিং শু’ ব্যবহার করুন।

অফিসের জরুরি মিটিংয়ের মতোই হাঁটার সময়টি দৈনন্দিন রুটিনে রাখুন। বাসায় থাকলে পরিবারের সদস্য বা সন্তানদের নিয়ে হাঁটতে বের হতে পারেন, কিংবা অফিসে কাজের ফাঁকে ডেস্কে ওয়াকিং প্যাড ব্যবহার করতে পারেন।

তাই পরেরবার খাওয়ার পর কেউ হাঁটতে বললে বিরক্ত না হয়ে বরং হাসিমুখে পা বাড়ান; কারণ এই ছোট্ট অভ্যাসটিই আপনাকে দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম রাখবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular