ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমেলান্দহে ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে জন্মনিবন্ধন বাণিজ্য ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ

মেলান্দহে ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে জন্মনিবন্ধন বাণিজ্য ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ

জন্মনিবন্ধনে ১ হাজার থেকে ১২০০ টাকা আদায়ের দাবি, সরকারি বরাদ্দের ল্যাপটপ ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ; তদন্তের আশ্বাস ইউএনওর

সৈয়দ নূরুল্লাহেল সাদেক (তুষার) : জামালপুরের মেলান্দহ উপজেলার ১০ নম্বর ঝাউগড়া ইউনিয়ন পরিষদের সচিব ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি এবং সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে। জন্মনিবন্ধন ও মৃত্যু সনদ দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়, সরকারি বরাদ্দের ল্যাপটপ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং বিভিন্ন সরকারি অর্থের অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে একটি জন্মনিবন্ধন নিতে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। টাকা দিলে দ্রুত সেবা পাওয়া গেলেও টাকা না দিলে দীর্ঘদিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। ইউনিয়ন পরিষদের সচিব মো. মতিয়ার রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেট এসব অনিয়মের সঙ্গে জড়িত বলেও অভিযোগ তাঁদের।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, জননিরাপত্তা এবং জন্ম-মৃত্যুর প্রাথমিক তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত গ্রাম পুলিশকে দিয়ে জন্মনিবন্ধন, মৃত্যু সনদ ও কর আদায়ের মতো দাপ্তরিক কাজ করানো হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে দাবি তাঁদের।

এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা প্রদানের জন্য বরাদ্দ করা ২ লাখ টাকার ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নাগরিক সেবার জন্য বরাদ্দ করা ল্যাপটপটি ইউনিয়ন পরিষদে ব্যবহার না করে নিজের বাড়িতে ব্যবহার করছেন সচিব মো. মতিয়ার রহমান।

এসব অভিযোগের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের দাবি, অভিযোগগুলো তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।

সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। পরে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে তিনি কথা এড়িয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘আমি একটি প্রোগ্রামে যাচ্ছি। আপনাদের কথা শুনলাম। এ বিষয়ে ১০ নম্বর ঝাউগড়া ইউনিয়নের সচিব মো. মতিয়ার রহমান এবং প্যানেল চেয়ারম্যান মো. সোহেল রানাকে ডাকা হবে।’

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular