নিউজ ডেস্ক: নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ড। সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ইস্যু করা ‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এ ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ১৫৮ কোটি টাকার সাবস্ক্রিপশন পাওয়া গেছে। দেশের পুঁজিবাজারে সামাজিক লক্ষ্যভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে এটি নতুন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জ-২-এ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বন্ডটির সাবস্ক্রিপশন সমাপনী ও রিং দ্য বেল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ডিএসই, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
বন্ডটির অনুমোদিত অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। এক, দুই ও তিন বছর মেয়াদি তিন ধরনের জিরো-কুপন বন্ড ১০ শতাংশ ডিসকাউন্ট রেটে ইস্যু করা হয়েছে। জিরো-কুপন বন্ডে মেয়াদকালে নিয়মিত সুদ দেওয়া হয় না; বরং অভিহিত মূল্যের তুলনায় ছাড়ে বিনিয়োগ করে মেয়াদ শেষে নির্ধারিত মূল্য পাওয়ার ব্যবস্থা থাকে।
বন্ডের সংগৃহীত অর্থের ৪৮ শতাংশ খাদ্যনিরাপত্তা ও কৃষি খাতে, ৩২ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং কর্মসংস্থান সৃষ্টিতে এবং বাকি ২০ শতাংশ আবাসন খাতে ব্যয় করা হবে। এর মাধ্যমে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ড, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, থিমেটিক বন্ডের উদ্দেশ্য শুধু আর্থিক মুনাফা অর্জন নয়, বরং সমাজ ও পরিবেশে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। বিনিয়োগকারীরা এ ধরনের বন্ডে বিনিয়োগের মাধ্যমে আর্থিক রিটার্নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখতে পারেন।
বন্ডের অর্থ ঘোষিত খাতে যথাযথভাবে ব্যয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের নামে অতিরঞ্জিত দাবি এবং অর্থের অনিয়মিত ব্যবহার ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি। বন্ডের অর্থ ব্যবহারের বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতিও পরিমাপ করতে হবে, যাতে গ্রিনওয়াশিং বা বিভ্রান্তিকর প্রচারণার ঝুঁকি এড়ানো যায়।
বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের মোট কর্মশক্তির প্রায় ৫০ শতাংশ নারী। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো গেলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, নারীদের জন্য অর্থায়ন দাতব্য কার্যক্রম নয়, বরং এটি একটি সুসংহত আর্থিক সিদ্ধান্ত। আন্তর্জাতিক অঙ্গনে ডিএসইর স্বতন্ত্র অবস্থান তৈরিতে থিমেটিক বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বন্ডের তালিকাভুক্তি ও লেনদেন সহজ করার উদ্যোগের কথা জানান। ভবিষ্যতে সবুজ ও কমলা রঙের সমন্বয়ে ‘অলিভ বন্ড’ চালুর সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অর্থায়নের সুযোগ বাড়ানো জরুরি। এ উদ্যোগ বাংলাদেশের পুঁজিবাজারে স্থায়ী দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, দেশে মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়ন পাওয়া কঠিন। বন্ডবাজার এ ক্ষেত্রে বিকল্প উৎস হতে পারে। এলডিসি উত্তরণের পর রপ্তানি প্রতিযোগিতা, উৎপাদনশীলতা, দক্ষতা, ন্যায্য মজুরি ও পরিবেশগত মান নিশ্চিত করতে বড় বিনিয়োগ প্রয়োজন হবে। এসব ক্ষেত্রে থিমেটিক বন্ড ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ভূমিকা রাখতে পারে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বন্ডটি আন্তর্জাতিক অরেঞ্জ বন্ড প্রিন্সিপলস ও ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (আইসিএমএ) সোশ্যাল বন্ড প্রিন্সিপলস অনুসরণ করে গঠিত। আইআইএক্সের সেকেন্ড পার্টি ওপিনিয়নের মাধ্যমে এর নীতিমালা যাচাই করা হয়েছে। বন্ডটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৫ (এসডিজি-৫), অর্থাৎ লিঙ্গসমতা অর্জনে সহায়ক হবে বলে বিবেচিত। বিনিয়োগকারীদের প্রতি বছর সামাজিক প্রভাবসংক্রান্ত প্রতিবেদন দেওয়া হবে, যাতে অর্থের ব্যবহার ও নারীর ক্ষমতায়নে বিনিয়োগের ফলাফল তুলে ধরা হবে।-
অরেঞ্জ বন্ড মূলত নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় নির্দিষ্ট প্রকল্পে অর্থায়নের জন্য গঠিত থিমেটিক বন্ড। গ্রিন বন্ড যেখানে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু কার্যক্রমে অর্থায়ন করে, সেখানে অরেঞ্জ বন্ডের মূল লক্ষ্য নারীর অর্থনৈতিক সক্ষমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বৃদ্ধি।