ক্রীড়া ডেস্ক: ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের রোমাঞ্চকর আবহ তখনো কাটেনি। মাঠের লড়াইয়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই নেট দুনিয়ায় ঝড় তুলল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ড্রেসিংরুমের একটি ভিডিও।
বিবিসির বরাত দিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার ইসিবিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
সেখানে অভিযোগ করা হয়েছে, খেলা চলাকালীন স্টোকসের অবসরের ঘোষণার ফুটেজ প্রকাশ করা খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের সংরক্ষিত এলাকার (পিএমওএ) নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।
আইসিসির পিএমওএ ন্যূনতম মানদণ্ডের ২.২.১১ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন খেলোয়াড়দের ড্রেসিংরুমে ভিডিও বা অডিও সম্প্রচারের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ী কোনো ভিডিও ক্যামেরা বা রেকর্ডিং সরঞ্জাম স্থাপন করতে পারবে না। শুধু তাই নয়, আইসিসি এর আগেও ইসিবিকে সতর্ক করেছিল যে, সংরক্ষিত এলাকায় ধারণকৃত যেকোনো ফুটেজে কোনো অডিও থাকা চলবে না এবং তা ম্যাচ শেষ হওয়ার আগে কোনোভাবেই প্রকাশ করা যাবে না।
ইসিবি সেই নিয়ম ভেঙে খেলা চলাকালেই, বিশেষ করে চা-বিরতির ঠিক আগে ভিডিওটি প্রকাশ করে দেয়। ভিডিওটি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, মাঠের নাটকীয়তা তখন তুঙ্গে। অবসরের ঘোষণা আসার পরপরই নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন ৩৫ বছর বয়সী স্টোকস। তবে বিদায়টা রাঙাতে পারেননি এই ইংলিশ কিংবদন্তি। ম্যাচটি ১৬০ রানে হেরে যায় ইংল্যান্ড, আর সেই সাথে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। তবে নিয়ম ভাঙার অভিযোগ উঠলেও ইসিবির বিরুদ্ধে বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নাও হতে পারে বলে গুঞ্জন রয়েছে।




