ক্রীড়া ডেস্ক: মাঠের লড়াইয়ে নামার আগে আফ্রিকার কেপ ভার্দে দলটিকে সমীহ করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই আফ্রিকান দলটির এমন পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
স্কালোনি বলেন, ‘দলটি এখনও একটি ম্যাচও হারেনি।’ গ্রুপ পর্বে তিনটি ড্র করে ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে তারা স্পেনের সাথে ০-০, উরুগুয়ের সাথে ২-২ এবং সৌদি আরবের বিরুদ্ধে ০-০ গোলে ড্র করে।
আর্জেন্টাইন কোচ হিসেবে নিজের শততম ম্যাচের মাইলফলক ছুঁতে যাওয়া স্কালোনি কেপ ভার্দে দলের শক্তির প্রশংসা করেন এবং নিজেদের ফেবারিট তকমাটি কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, ‘ওরা মাঝমাঠে খুব ভালো রক্ষণভাগ গড়ে তোলে এবং টেকনিক্যালি দারুণ দক্ষ খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত কার্যকর কাউন্টার করে। ওরা ভাগ্যের জোরে বা এমনি এমনি এখানে আসেনি। আমাদের অবশ্যই ওদের সম্মান করতে হবে এবং আমরা সেটাই করব।’




