ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ব্রাজিলকে স্পষ্ট ফেভারিট হিসেবে স্বীকৃতি দিয়েছেন নরওয়ের প্রধান কোচ স্টালে সোলবাকেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোলবাকেন বলেন, ‘ব্রাজিলই এই ম্যাচের ফেভারিট। কয়েক বছর আগে তারা যতটা এগিয়ে থাকত, এখন হয়তো ততটা নয়। তবে শতাংশের হিসেবে বিষয়টি নির্ধারণ করা কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্রাজিলকে হারাতে সক্ষম। এজন্য আমাদের মাঠে শতভাগ উজাড় করে খেলতে হবে। সুযোগ অবশ্যই আছে।’
ব্রাজিলের শক্তির মূল্যায়ন করতে গিয়ে সোলবাকেন তাদের আক্রমণ ও রক্ষণভাগের ভারসাম্যের প্রশংসা করেন। বিশেষ করে আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস ও পিএসজির মার্কিউনোসের রক্ষণজুটি তার নজর কেড়েছে। একই সঙ্গে চলতি আসরে চার গোল করা ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সোলবাকেন বলেন, ‘ব্রাজিলের আক্রমণভাগ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্রুত নিজেদের অবস্থান বদলে ফেলে।আমাদের দেখতে হবে, আমরা তাদের সেই গতি ও কৌশলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারি।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের প্রায় সব কোচই ভিনিসিয়ুসকে নিয়ে চিন্তিত ছিলেন। মাঠে কঠিন পরিস্থিতি আসবেই, তবে আমাদের রক্ষণভাগকে পুরো দল মিলে সমর্থন দেবে।’




