ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে ৭ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
বাংলা নববর্ষের প্রথম দিন সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (উপ-সচিব) শঙ্কর কুমার বিশ্বাস ৭ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ ওবায়দুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নোমান মিয়া, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়শনের সভাপতি আল আমিন শাহীন ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খান সাদাত।
স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক এস এম শাহীন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন তাহের উদ্দিন ভূইয়া।
আলোচনা সভা শেষে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় বিভিন্ন সংগঠনের ১৮ টি স্টল বসে।
এ ব্যাপারে সাহিত্য একাডেমির সদস্য সচিব নুরুল আমিন বলেন, মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার মাধ্যমে বাংলার ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে। ৩৮ বছর ধরে ঐতিহ্যবাহী এই মেলা আয়োজন করে আসছি। প্রতিদিন আলোচনা সভায় দেশ বরেণ্য অতিথিরা উপস্থিত থাকবেন।



