পঞ্চম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার হাতছানি মিসরের সামনে। এই স্বাদ পেয়েছে ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২), ঘানা (২০১০) ও মরক্কো (২০২২ ও ২০২৬)।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত ১০টায় আটলান্টার মার্ডিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশর।
চলমান বিশ্বকাপে মেসির গোল সাতটি। সব বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ ২০। এবার দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে আট গোল করার হাতছানি মেসির সামনে।
১৯৩০ সালে উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েন গিয়ের্মো স্তাবিলে। মেসি গোল পেলে রেকর্ড হবে আরও। কোনো বিশ্বকাপে নিজ দেশের প্রথম পাঁচ ম্যাচে গোল করা ষষ্ঠ খেলোয়াড় হবেন আর্জেন্টাইন অধিনায়ক।
চলতি বিশ্বকাপে মোহাম্মদ সালাহর গোল মাত্র ১টি। তবে গোল নয় গোলের সুযোগ তৈরিতে নতুন এক রেকর্ডের সামনে মিসরের এই কিংবদন্তি ফুটবলার। চলতি বিশ্বকাপে মোট ১৬টি গোলের সুযোগ তৈরি করেছেন সালাহ। আর্জেন্টিনার বিপক্ষে দুটি সুযোগ তৈরি করতে পারলে, এক আসরে আফ্রিকার কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ সুযোগ তৈরির রেকর্ড স্পর্শ করবেন তিনি। ২০১০ সালে ঘানার হয়ে রেকর্ডটি গড়েন কেভিন-প্রিন্স বোয়াটেং।




