ক্রীড়া ডেস্ক: ‘জাতীয় দলের জার্সি গায়ে নামলে প্রতিপক্ষ কে বা কোন টুর্নামেন্ট, তা আমরা ভাবি না। এই জার্সি পরাটাই সবচেয়ে বড় সম্মানের, আর এর জন্য আপনাকে আপনার সর্বোচ্চটাই দিতে হবে।’ এভাবেই অতিরিক্ত আত্মবিশ্বাসী না হতে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন রদ্রিগো ডি পল।
চলমান বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে দুর্দান্ত পারফর্ম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই শিরোপা জয়ের অন্যতম ফেভারিট হিসেবে নিজেদের জানান দিয়েছে।
২০২২ বিশ্বকাপজয়ী তারকা ডি পল বলেন, ‘শুক্রবার রাতের (বাংলাদেশে সময় ৪ জুলাই, শনিবার ভোর ৪ টা) ম্যাচের বাইরে অন্য কিছু ভাবাটা হবে মস্ত বড় ভুল। আগামীকালের ম্যাচটিই আমাদের শেষ ম্যাচ-আমি অন্তত এভাবেই দেখছি। এবং এটিই যেন আমাদের শেষ ম্যাচ না হয়, সামনে যেন আরও ম্যাচ আসে, তা নিশ্চিত করতে আমি আমার সাধ্যমতো সবকিছু করব। এটাই আমার মানসিকতা।’
তিনি বলেন, ‘প্রতিবার যখন আমরা এই জার্সিটি গায়ে জড়াই, সেটিই আমাদের শেষবার হতে পারে। আর এটি যেন শেষ না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদেরই।’




