ক্রীড়া ডেস্ক: মায়ামিতে বিশ্বকাপের গ্রুপপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কটল্যান্ডকে সমীহ করছে ব্রাজিল। সেলেকাও মিডফিল্ডার লুকাস পাকুয়েতা জানিয়েছেন, প্রতিপক্ষ যেই হোক না কেন, তাদের কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর বর্তমানে শীর্ষে রয়েছে ব্রাজিল। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার দারুণ সুযোগ তৈরি করেছে স্কটল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে মাত্র এক পয়েন্ট পেলেই তাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত হতে পারে।
পাকুয়েতা বলেন, ‘বিশ্বকাপে প্রতিটি দলই সম্মানের দাবিদার। আমাদের প্রতিটি প্রতিপক্ষকে গভীরভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হয়। স্কটল্যান্ডের বিপক্ষেও আমরা একইভাবে প্রস্তুতি নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে এবং কোচের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি ম্যাচেই লক্ষ্য একটাই- জয়।’
নেইমারকে নিয়ে পাকুয়েতা বলেন, ‘তাকে আবারও অনুশীলনে দেখতে পেয়ে আমরা সবাই খুশি। তিনি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের অনেক সাহায্য করবে।’




